বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ঢাকা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহী। তিনি বলেন, "বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগ্রহ বাংলাদেশের।"
রোববার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, ঢাকা নতুন কার্যকর সম্পর্ক স্থাপন করতে চায় দিল্লির সঙ্গে।
হুমায়ুন কবির জানান, "ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো সংসদীয় কমিটি পর্যালোচনা করছে।"
সীমান্তে হত্যার বিষয়েও তিনি বলেন, "বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক মানুষ হত্যার বিষয়টি কূটনৈতিক চ্যানেলেই আলোচনা চলছে।"
অন্য এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্রিটেনসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধানের পদ থেকে ক্ষতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, "ওই নিয়োগ প্রক্রিয়াই সঠিক ছিল না।"
তিনি আরও বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি। সংস্থাটির নতুন নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দিচ্ছে ঢাকা।"