বরগুনায় সদর থানা পুলিশ রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কৃষক লীগের দুই নেতাসহ এক সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে। সোমবার বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বরগুনা জেলা যুবলীগের সহসভাপতি মো. আরিফ হোসেন মোল্লা, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন এবং বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবিরুর রহমান, যিনি কবির নামেও পরিচিত।
পুলিশ জানায়, যুবলীগ ও কৃষক লীগের দুই নেতা একটি ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে, সাবেক কাউন্সিলর কবিরুর রহমান একই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানিয়েছেন, থানায় আগে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজন এজাহারনামীয় আসামি এবং অপরজন সন্দেহভাজন আসামি।
এখন তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।