ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ ইউজিসির সিদ্ধান্তকে অগ্রাহ্য করে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, সবার সম্মতিতে পূর্বঘোষিত সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, "নির্ধারিত সময়েই ভর্তি আবেদন ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।"
প্রসঙ্গত, ইউজিসি সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছিল, যাতে এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফলাফল বিবেচনা করা যায়।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এক বিষয়ে এবং ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
সরকার আগামী ৩১ ডিসেম্বর পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে। ইউজিসি আশা করছে, পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।