দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য আইনি প্রক্রিয়ায় কাজ করছে। সংস্থাটি সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে এই প্রক্রিয়া পরিচালনা করছে।
দুদকের সচিব মো. সাইদুর রহমান খান আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সম্প্রতি দেশে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে একটি পক্ষ শেখ হাসিনা হয়ে আবেদন করেছেন বলে জানা যায়।’
সাইদুর রহমান খান আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আসামি হিসেবে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ফিরতে হবে।
এছাড়া, দুদক সাবেক আওয়ামী লীগ সদস্য দম্পতি অসীম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে।
অন্যদিকে, ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ‘ইউনিপে টু ইউ’–এর পরিচালক এম এ তাহেরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।