পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের বিষয়ে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়টি শুনেছি। সত্যতা যাচাই করব। এ বিষয়ে আইনি খুঁটিনাটি খতিয়ে দেখা হবে।"
মন্ত্রী আরও বলেন, "পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পরে এ বিষয়ে ব্যাখ্যা দেবে।" এছাড়া, দণ্ডিত আসামিকে ফেরত নিতে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, "আইন অনুযায়ী প্রত্যর্পণ চাইছি। আইনের আওতায় তাকে দেশে আনার চেষ্টা চলছে।"
তিনি উল্লেখ করেন, "পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। যারা ককটেল বিস্ফোরণ করেছে, বাসে আগুন দিচ্ছে, তারা সবাই দুস্কৃতকারী।"
মন্ত্রী ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "আপনারা দেখবেন, ছাত্রলীগের অবরোধ হয় কি না।"