বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি আজ সোমবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এ তথ্য জানান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ–সংক্রান্ত আবেদন করেছেন।
শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়েছিলেন। এটি তাঁর প্রথম আবেদন, যা বাংলাদেশে ফেরার পরিকল্পনার একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, "শেখ হাসিনা সন্ত্রাসী, তাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। তাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে।"
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে।