গণতন্ত্রের মধ্যে সমালোচনা থাকবে, তবে তা হতে হবে যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোন পথে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
আলোচনাটি আয়োজন করে অ্যালায়েন্স ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। মাহদী আমিন সরকারের কাজের গঠনমূলক আলোচনা দাবি করেন এবং সবকিছুতে তর্কের জন্য বিরোধ না করার আহ্বান জানান।
এসময় বক্তারা সরকারের নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেন। তারা চাঁদাবাজি, দুর্নীতি ও গ্যাস-বিদ্যুতের সংকটে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, পরিবর্তনের সংস্কৃতি শুরু হয়েছে, যা সংসদ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কথা-বার্তায় এবং চলাফেরায় ফুটে উঠেছে। তিনি বলেন, সরকার জনগণের বাংলাদেশ, জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে।