বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলে ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি শনিবার (২২ আগস্ট) ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
রাশেদ খান বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে মূল্যায়নের ভিত্তিতে। দুই দেশের সম্পর্ক মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ওপর নির্ভর করবে। তিনি উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতকে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল, কিন্তু এখন বাংলাদেশের নেতৃত্বে বিএনপি রয়েছে। তাই ভারতের উচিত নতুন করে সম্পর্ক তৈরি করা।
রাশেদ খান আরও জানান, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ এবং তিনি বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চান। এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে হাসপাতালের বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার বিষয়ে আলোচনা করা হয়। সভায় জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।