সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জ্বালানি সংকটের মধ্যে লংমার্চকে অযৌক্তিক বললেন প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটের মধ্যে বিরোধী দলের লংমার্চকে অযৌক্তিক বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

জ্বালানি সংকটের মধ্যে লংমার্চকে অযৌক্তিক বললেন প্রতিমন্ত্রী

চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি এ মন্তব্য করেছেন ৬ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, "জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জান্নাতের টিকেট বিক্রি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে, যা ব্যর্থ হয়েছে। এখন তারা তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।"

তিনি আরও বলেন, "চলমান জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল খরচ করে লংমার্চ কর্মসূচি পালন কতটা যৌক্তিক, সেটিও ভাবা প্রয়োজন।"

অনুষ্ঠানে দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, পানিতে ডুবে শিশুদের মৃত্যু রোধে তাদের সাঁতার শেখানো এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন