দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, "জাতির প্রয়োজনে সরকার চাইলে যে কোনো সময় বিরোধী দল সহযোগিতা করবে।"
১২ সেপ্টেম্বর টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, "দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলও দায়িত্বহীন নয়। সরকার ও বিরোধী দল উভয়েরই দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে।"
সম্প্রতি জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, সংসদে ৬৮ বিধিতে একটি নোটিশ দিয়েছেন। ৭ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে এবং সেখানে উভয় পক্ষের বক্তব্য উপস্থাপন করা হয়েছে।
জামায়াত আমির বলেন, "জ্বালানি সংকট মোকাবিলায় দেশে-বিদেশে দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে। জাতির স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও সরকার থেকে এখনও সাড়া পাওয়া যায়নি।" তিনি জানান, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী তাদের একটি টিম গঠন করে প্রস্তাব উপস্থাপনের কথা বলেছেন।
ডা. শফিকুর রহমান আরও জানান, ছয় দফা জনদাবি নিয়ে তারা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছেন, তবে আন্দোলনের নামে ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করতে চান না। তিনি জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, "জনগণের জন্য আন্দোলন করে জনগণের ক্ষতি করতে চাই না। একসময় সরকার জনগণের দাবি বিবেচনা করে তা মেনে নিতে বাধ্য হবে।"