রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট আইনশৃঙ্খলার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাদকসহ বিভিন্ন ইস্যুতে রোহিঙ্গা ক্যাম্পগুলোর নেতিবাচক পরিবেশ সৃষ্টি হচ্ছে। ক্যাম্পের সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য সীমাহীন সমস্যা সৃষ্টি হচ্ছে। ক্যাম্পের জনবহুলতা সংকটকে আরও ঘনীভূত করছে।
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর আগ পর্যন্ত মানবিক সহায়তা অপরিহার্য। তবে তিনি উল্লেখ করেন, এই সহায়তা প্রত্যাবাসনের বিকল্প নয়।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের সম্মানের সাথে দ্রুত প্রত্যাবাসনের জন্য বিশ্বের প্রভাবশালী দেশগুলো এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই সহায়তা প্রত্যাশা করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করবে যে জাতিসংঘের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানের গুরুত্বপূর্ণ আলোচনা অন্য কোনো প্রসঙ্গের আলোচনায় চাপা না পড়ে।