মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রংপুরে ৪ খুনের তদন্তে ত্রাণমন্ত্রীর সময় নেওয়ার ব্যাখ্যা

রংপুরে ৪ খুনের ঘটনায় তদন্তে সময় নেওয়ার ব্যাখ্যা দিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রংপুরে ৪ খুনের তদন্তে ত্রাণমন্ত্রীর সময় নেওয়ার ব্যাখ্যা

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দেওয়ার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত দোষীদের শনাক্ত করা এবং তাদের আইনের আওতায় আনা এখন সবচেয়ে জরুরি।

শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রশাসন কিছুটা সময় নিচ্ছে। তিনি বলেন, 'চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে একটি বড় হত্যাকাণ্ড।'

মন্ত্রী আরও বলেন, 'বর্তমানে এর রহস্য উন্মোচনের বিষয়টি আলোচনায় রয়েছে। আমরা আশা করছি, অল্প কিছুদিনের মধ্যে তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে এবং দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শেষ করা সম্ভব হবে।'

এদিকে, হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে নানা আলোচনা ও প্রশ্নের মধ্যে মন্ত্রীর বক্তব্য এসেছে। তিনি বলেন, 'ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের বিচারের মুখোমুখি করাই সরকারের লক্ষ্য।'

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসঙ্গে তিনি জানান, হাসপাতালে নতুন আইসিইউ বেড চালু না হওয়ার কারণে অ্যানেসথেসিওলজিস্টের অভাব ছিল। তবে ইতোমধ্যে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে।

স্বাস্থ্যখাতের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'গত ১৭ বছরে স্বাস্থ্যখাতসহ প্রতিটি খাত অনিয়ম ও দুর্নীতির কারণে ধ্বংসের শেষপ্রান্তে পৌঁছেছে। বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।'

এদিকে, গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ইতোমধ্যে গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখা হচ্ছে।

বিজ্ঞাপন