প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিদিশা সিদ্দিকী ২০০৮ সালের একটি প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হন।
গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। মামলাটির বিচার চলাকালীন চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানার অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। হাইকোর্টের জামিনের আদেশের পর এখন তার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।