প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকী, যিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম জানান, জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে বিদিশা সিদ্দিকীকে বিকেল ৫টা ১২ মিনিটে মুক্তি দেওয়া হয়।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি গুলশান থানায় মোশাররফ হোসেন নামের একজন ব্যবসায়ী বিদিশা সিদ্দিকীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০০১ সালে বারিধারায় একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে তাদের মধ্যে ৮০ লাখ টাকার চুক্তি হয়।
গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম মামলাটির রায় ঘোষণা করেন, যাতে বিদিশা সিদ্দিকীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার সময় বিদিশা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ২৫ আগস্ট তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২৬ আগস্ট আদালতে হাজির করার পর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর উচ্চ আদালতে জামিনের আবেদন করলে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।