জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানবজাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন। তিনি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তুর্ক বলেন, "খুব দেরি হওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হোক। আমি কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাগুলোকে চিঠিতে এখনই ঝুঁকি কমাতে পদক্ষেপ নিতে আহ্বান জানাব।" তিনি অভিযোগ করেন যে, মুষ্টিমেয় কিছু ব্যক্তি এআইয়ের ওপর সীমাহীন ক্ষমতা ধরে রেখেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোর মধ্যে মেটা, অ্যানথ্রোপিক, ওপেনএআই ও গুগল অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তুর্ক। তিনি জানান, "বর্তমানে একটি রাষ্ট্রকে কেন্দ্র করে ৬০টির বেশি যুদ্ধ চলছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ।"
তুর্ক বলেন, "রাষ্ট্রগুলোর মধ্যে সংঘাত বাড়া আমাদের বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।" তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরুর জন্য শঙ্কা প্রকাশ করেন, যা সমগ্র উপসাগরীয় অঞ্চলকে প্রভাবিত করছে।
মার্কিন অভিবাসন নীতির সমালোচনা করে তুর্ক হাইতিসহ এমন সব দেশে অভিবাসীদের ফেরত পাঠানো বন্ধের আহ্বান জানান, যেখানে তারা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারে।