বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা জারি

মন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল পরিশোধের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

মন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা জারি

সরকারি কাজে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অভ্যন্তরীণ ও বৈদেশিক ভ্রমণের বিল পরিশোধের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সরকার। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি বিশেষ পরিপত্র প্রকাশ করা হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি কাজে দেশে ও বিদেশে ভ্রমণ করেন এবং ভ্রমণ শেষে প্রকৃত ব্যয় পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিল দাখিল করতে হবে।

বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে অফিস আদেশের কপি বিলের সঙ্গে সংযুক্ত করতে হবে। যানবাহন ভাড়ার ক্ষেত্রে প্রকৃত ভাড়ার টিকিট, বিমান ভ্রমণের জন্য বিমানের টিকিটের সঙ্গে বোর্ডিং পাস, অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি দাখিল করতে হবে।

আবাসিক হোটেলে অবস্থানের ক্ষেত্রে প্রকৃত পরিশোধিত বিলের কপি বা প্রমাণকও দিতে হবে। বৈদেশিক ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রে টাকার পাশাপাশি সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিনিময় হারসংক্রান্ত বিবরণী জমা দিতে হবে। অন্যান্য ব্যয়ের ক্ষেত্রেও প্রয়োজনীয় প্রমাণক সংযুক্ত করতে হবে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপে উল্লেখিত ভ্রমণকালের অতিরিক্ত সময় কেউ ভ্রমণ করলে ওই অতিরিক্ত সময়ের জন্য পুনরায় অনুমোদন নিতে হবে। অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে অর্থ বিভাগের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে।

অগ্রিম অর্থ নিয়ে ভ্রমণ করলে ভ্রমণ শেষ হওয়ার এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয় বিল দাখিল করতে হবে। আগের ভ্রমণের অগ্রিম বিল সমন্বয় করা না হলে পরবর্তী ভ্রমণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে না। নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়ের সুবিধার্থে প্রয়োজনীয় সময় হাতে রেখে অগ্রিম অর্থ বরাদ্দের বিল দাখিল করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া, বিলের মূল কপিসহ মোট তিন সেট জমা দিতে হবে এবং সব ফটোকপি যথাযথভাবে সত্যায়িত হতে হবে।

বিজ্ঞাপন