জাতীয় সংসদে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অধিবেশনের শুরুতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী বিষয়টি সংসদের নজরে আনেন।
তিনি বলেন, "হয়তো এটা পয়েন্ট অফ অর্ডারের মধ্যে পড়ে না, তবুও আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নজরে আনতে চাই।" জহরত আদিব বাঁধনের ওপর হামলার বর্ণনা দেন এবং উল্লেখ করেন যে, তিনি একজন জুলাই যোদ্ধা। তার অপরাধ ছিল বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।
জহরত আদিব আরও বলেন, "বাঁধনকে দূর প্রবাসেও হেনস্থা ও হামলার শিকার হতে হয়েছে।" তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, "একজন অভিনেত্রী ও নারী হিসেবে তার ওপর হামলা চালানোর স্পর্ধা দেখিয়েছে ফ্যাসিস্ট সরকারের 'আইডেন্টিফাইড' লোকজন।"
তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের কাছে জানতে চান, এ বিষয়ে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে। তার বক্তব্যের সময় দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কেউ অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, "ইতালিতে অভিনেত্রীর ওপর হামলা অমার্জনীয়-নিন্দনীয় অপরাধ। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে এতে।" তিনি জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ বা ২ এলে এ বিষয়ে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে তা সংসদে জানানো হবে।