ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল বুথে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, টিকিট বিক্রি ও গণনায় গরমিলের মাধ্যমে এই অর্থ লোপাটের সুযোগ তৈরি হয়েছে।
রোববার কুড়িলের রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান এফডিইই-এর প্রধান কার্যালয়ে অভিযান শেষে দুদক এ তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানায়, দিনে প্রায় এক লাখ যানবাহন চলাচল করলেও নথিতে তা ৭০ থেকে ৭৫ হাজার হিসেবে দেখানো হচ্ছে। ফলে অন্তত ২৫ থেকে ৩০ হাজার গাড়ির হিসাব মিলছে না।
দুদকের অভিযোগ অনুযায়ী, চুক্তি অনুযায়ী, দৈনিক ৮০ হাজারের বেশি গাড়ি চললে অতিরিক্ত গাড়ির টোলের ২৫ শতাংশ সরকারের পাওয়ার কথা। কিন্তু রাজস্ব ফাঁকি দিতে গাড়ির সংখ্যা ৮০ হাজারের নিচে দেখানো হচ্ছে।
দুদকের উপপরিচালক মিনহাজ বীন ইসলাম বলেন, সফটওয়্যারে অন্তর্ভুক্ত না করেই কিছু গাড়ির টোল নেওয়া হচ্ছে। বুথের বাইরে টিকিট বিক্রি হচ্ছে, এবং একই রশিদ একাধিক গাড়িতে ব্যবহারের অভিযোগও রয়েছে।
এছাড়া, এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু না হওয়ায় টোলের অর্থ তাৎক্ষণিক যাচাইয়ের সুযোগ কমে গেছে। চীনের প্রতিষ্ঠান শ্যানডং হাই স্পিডের বিরুদ্ধে অবৈধভাবে এ দায়িত্ব দেওয়ার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে চীনের প্রতিষ্ঠান এখনও কোনো মন্তব্য করেনি। দুদক জানিয়েছে, প্রকৃত সংখ্যা জানতে সরাসরি গাড়ি গণনা করা হবে।