পদ্মা সেতুর পিলারের নিচে মাটি নয়, বরং সাময়িক রাস্তা অপসারণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, পদ্মা সেতুর পিলারের নিচে মাটি কাটার যে খবর ছড়িয়েছে, তা ভুল। তিনি বলেন, 'মাটি অপসারণে সেতুর ক্ষতি হবে না বরং নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ঠিক হবে।'
শেখ রবিউল আলম আরও বলেন, পদ্মা সেতুর পিলার করতে গিয়ে যে সাময়িক রাস্তা ছিল, সেটি অপসারণ করা হয়েছে, যা আগের সরকারের সময়েই করা উচিত ছিল।
তিনি রাজধানী থেকে বাস টার্মিনাল ও ঢাকার আশেপাশের এলাকাগুলোর সাথে কমিউটার ট্রেন চালুর পরিকল্পনার কথাও জানান। মন্ত্রী বলেন, 'বাস, মেট্রো ও মনোরেলের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা করা হবে।'
এছাড়া, আগামী ডিসেম্বরের মধ্যে রেলের জন্য ১৫০ বগি কেনার পরিকল্পনা আছে। এসব বাস্তবায়ন করা গেলে রাজধানীর যানজট অনেকটাই কমে যাবে বলেও জানান তিনি।
এ সময় মেট্রো স্টেশনে ও পিলারে পোস্টার লাগানো রোধে সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান জানান মন্ত্রী শেখ রবিউল আলম।