ঢাকার একটি আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছে। এ নিয়ে ১২৭ বারের মতো সময় পেল তদন্ত সংস্থা।
আজ, বৃহস্পতিবার, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এদিন ধার্য করেন। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হাইকোর্ট গত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের হাতে তদন্তের নির্দেশ দেয়।
হাইকোর্ট একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হলেও, নির্ধারিত সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। রাষ্ট্রপক্ষ তদন্ত চলমান থাকার কথা উল্লেখ করে নয় মাস সময়ের আবেদন জানায়। আদালত ২০২৫ সালের ২২ এপ্রিল শুনানি নিয়ে ছয় মাস সময় মঞ্জুর করেন।
উচ্চ আদালতের দেওয়া সময়সীমার মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। গত ২৩ অক্টোবর মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেওয়া হয়।