সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়। মৃত শিশুরা দুজনই এক বছরের কম বয়সী।
এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৪ জনে পৌঁছেছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ২৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৫ জন ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন রোগী ভর্তি আছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে নতুন করে দুজন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ৩২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।
বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ নানা জটিল রোগে ভুগছিল। চিকিৎসকরা শিশুদের পুষ্টিহীনতার অভাবকে এ পরিস্থিতির জন্য দায়ী করছেন।