শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১২৯ বার পেছাল

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৯ বার পেছাল। নতুন তারিখ ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১২৯ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে ঢাকার একটি আদালত। এই নিয়ে তদন্ত সংস্থার জন্য ১২৯ বারের মতো সময় বাড়ানো হলো।

আজ বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এদিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি।

নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট সাংবাদিক দম্পতি হত্যার তদন্তের দায়িত্ব র‍্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

হাইকোর্ট একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু তদন্ত শেষ করার জন্য হাইকোর্টের দেওয়া সময় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ তদন্ত চলমান ও অগ্রগতি আছে উল্লেখ করে নয় মাস সময়ের আবেদন জানায়।

২০২৫ সালের ২২ এপ্রিল শুনানি নিয়ে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন এবং ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন। তবে উচ্চ আদালতের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স প্রতিবেদন দাখিল করতে পারেনি।

গত ২৩ অক্টোবর মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেন হাইকোর্ট। এরপর ২৬ এপ্রিল মামলার তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় দেওয়া হয়।

বিজ্ঞাপন