দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে শ্রমিকরা। বুধবার (২৬ আগস্ট) রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটক করে।
বিক্ষোভকারীরা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শ্রমিকদের অভিযোগ, জনপ্রিয় নেতা বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে।
বিক্ষোভের অংশ হিসেবে শ্রমিকরা কোতোয়ালী থানার সামনে অবস্থান নেন এবং সড়কে বাস ও ট্রাক রেখে ব্যারিকেড দেন। এ ছাড়া দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়ার কথা জানিয়েছেন তারা।
এদিকে, আটক হওয়া বাদশাকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি। এই ঘটনায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন, কারণ জেলা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।