জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে জানানো হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও, ভবিষ্যতে পারস্পরিক অংশীদারিত্বের ক্ষেত্রগুলো সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। বৈঠকটি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় বিশ্বব্যাংকের ভূমিকা নিয়ে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।