স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম। আজ বুধবার রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন (ইসি) আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায়। ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী বছর ৬ জুনের মধ্যে সব নির্বাচন সম্পন্ন হবে।
শাহে আলম জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে স্থানীয় সরকার নির্বাচনে ঝুঁকি দেখছেন না তিনি। একইসাথে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কেন আশঙ্কা করছেন, তা জানেন না বলেও মন্তব্য করেন।
স্থানীয় সরকারের ৬৫৪৪টি প্রতিষ্ঠান ছাদ থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন করবে। এজন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং পরে আরও ১৫০ মেগাওয়াট উৎপাদন করা হবে।