রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের সংঘাতে ৮ বছরের শিশু কস্মিকা ত্রিপুরা গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্যদের মধ্যে আকস্মিক বন্দুকযুদ্ধ শুরু হয়। কস্মিকা ত্রিপুরা তখন নিজের বাড়িতে ছিল। সংঘাত চলাকালে একটি গুলি তার বাম হাতে বিদ্ধ হয়।
গুলিবিদ্ধ শিশুকে স্থানীয়রা উদ্ধার করে মাচালং বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাজেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জৌপৈই থাং ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি হঠাৎ গুলিবিদ্ধ হয়।
বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেন, "পাহাড়ে আঞ্চলিক দলের সংঘাত সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে, যা গ্রহণযোগ্য নয়।"
তারা অবিলম্বে সশস্ত্র সহিংসতা বন্ধের দাবি জানিয়ে গুলিবিদ্ধ শিশুর সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এদিকে, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, "ঘটনাটি আমরা শুনেছি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।"