বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সেন্টমার্টিনে ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সেন্টমার্টিনে ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সেন্টমার্টিনে ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

বাংলাদেশ কোস্ট গার্ড সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোট ১৩ জন জেলেকে নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে টেকনাফ উপকূল থেকে গভীর সমুদ্রে যাত্রা করে। মাছ আহরণ শেষে ২৮ সেপ্টেম্বর বিকেলে উপকূলে ফেরার পথে বোটটির ইঞ্জিন আকস্মিকভাবে বিকল হয়ে পড়ে।

এর ফলে বোটটি দিকভ্রান্ত হয়ে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে। জেলেরা উপায়ান্তর না দেখে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে কল করে জীবন বাঁচানোর আকুতি জানান।

কল পাওয়ার পরপরই কোস্ট গার্ডের একটি টহল জাহাজ উদ্ধার অভিযানে নামে। জাহাজটি দ্রুত গতিপথে অনুসন্ধান চালিয়ে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সাগর থেকে জেলেদের উদ্ধার করে।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। বর্তমানে উদ্ধারকৃত সকল জেলেকে তাদের মালিকপক্ষ ও পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন