কোস্ট গার্ড ১৩ জেলেকে উদ্ধার করেছে, যারা গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসছিলেন। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর সেন্টমার্টিনের ১২ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ফিশিং বোট মাছ আহরণের সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে ১৩ জেলে সমুদ্রে ভাসতে থাকে।
একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে (১৬১১১) সহায়তা চান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধার অভিযানে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত জেলেদের বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।