বাংলাদেশ কোস্ট গার্ড বৃহস্পতিবার গভীর সমুদ্রে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৮ জন জেলেকে উদ্ধার করেছে।
গত ১৯ সেপ্টেম্বর সকালে সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে মাছ ধরতে গিয়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর বোটটি সাগরে ভাসতে থাকে।
বৃহস্পতিবার বিকেলে যখন বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে, তখন একজন জেলে মালিকপক্ষকে বিষয়টি জানায়। এরপর বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের সহায়তা প্রার্থনা করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং ৮ জন জেলেকে নিরাপদে উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। বর্তমানে বোটটি জেলেদের এবং মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জেলেদের প্রাণ রক্ষায় এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।