জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্ব প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চায় বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসংঘে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের দেশে ফেরানোই একমাত্র সমাধান।
বাংলাদেশ সময় ভোর সোয়া ৪টায় জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরু করেন। অধিবেশনের তৃতীয় দিনে ১৮ জন বক্তার মধ্যে ১১তম হিসেবে তিনি বক্তব্য রাখেন।
মাতৃভাষা বাংলায় ২১ মিনিটের বক্তব্যে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সমর্থন চেয়ে বলেন, শান্তিময় মানবিক ও সমঝোতামূলক বিশ্ব প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যকর ভূমিকা প্রয়োজন।
ফিলিস্তিনিদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। স্বাধীনতার পর থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।