বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৮ জন জেলে ৪ দিন ধরে ভাসছেন। ১৯ সেপ্টেম্বর রাতে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়। বর্তমানে তারা রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন মোহনা থেকে ৮০ থেকে ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে অবস্থান করছেন।
ভুক্তভোগী জেলেদের পরিবার ও সংশ্লিষ্ট এক মাছ ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌপুলিশের সহায়তা চাওয়া সত্ত্বেও উদ্ধার অভিযান চালাতে অপারগতা প্রকাশ করা হয়েছে। রাজধানীর রামপুরা এলাকার মাছ ব্যবসায়ী আলহাজ ফরহাদ পাটোয়ারীর ছেলে জুনায়েত হাসান জানান, ৯ সেপ্টেম্বর সকালে জেলেরা মাছ ধরতে যান। এরপর ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা সাগরে আটকা পড়েন।
মাঝি হানিফ মিয়া তার বাবাকে ফোনে বিষয়টি জানিয়ে সহযোগিতা চান এবং ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চান। জুনায়েত আরও জানান, প্রশাসন ও কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, চলমান বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজে সহায়তা করা সম্ভব হচ্ছে না।
রাঙ্গাবালী কোস্টগার্ডের কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, বিপদগ্রস্ত জেলেদের অবস্থান থেকে উদ্ধারকাজে প্রয়োজনীয় নৌযান ও জনবল তাদের কাছে নেই। তিনি বলেন, "সেখানে পৌঁছাতে প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা সময় প্রয়োজন।"
রাঙ্গাবালী নৌ-পুলিশ ইনচার্জ মো. জায়েদুর রহমান জানান, তিনি বিষয়টি অবগত আছেন, তবে তাদের কাছে প্রয়োজনীয় নৌযান ও উদ্ধার সামগ্রী নেই। সাগরে থাকা অন্যান্য জেলেদের মাধ্যমে উদ্ধারের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।