গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার বন বিলাস রেস্টুরেন্টের সামনে থেকে ৯ ফুট লম্বা একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাপটি উদ্ধার করা হয়।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান যমুনা নিউজকে জানান, ডিএফওর নির্দেশে রাতেই সাপটি উদ্ধার করে সাফারি পার্কে নিয়ে আসা হয়। বর্তমানে এটি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট। বার্মিজ পাইথন প্রজাতির এই অজগর বিষহীন এবং সাধারণত গাঢ় রঙের হয়ে থাকে। এর পিঠে কালো কিনারাযুক্ত একাধিক বাদামি ছোপ দেখা যায়।
বন্য পরিবেশে এ প্রজাতির অজগর প্রায় ১৬ ফুট বা ৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ স্কাউট মো. মোস্তাফিজ রহমান জানান, স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ খন্দকার বন বিভাগের সংশ্লিষ্টদের ফোন করে হোতাপাড়া এলাকায় একটি বড় সাপ থাকার খবর দেন।
পরে বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানার নির্দেশনায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, সাপটি চলে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা এটি দেখতে পান এবং পরে রাস্তা পার হওয়ার সময় তারা এক জায়গায় আটকে রাখেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।