মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মেট্রোরেলে হাফ প্যান্ট পরার প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

মেট্রোরেলে হাফ প্যান্ট পরার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা, অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

মেট্রোরেলে হাফ প্যান্ট পরার প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

রাজধানীর মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির অভিযোগের পর প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’ শিরোনামে ফেসবুকে একটি ইভেন্ট খুলেছেন শাওন আহমেদ।

আগামী বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত ফার্মগেট মেট্রোরেল স্টেশনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ মানুষ ইভেন্টটিতে সাড়া দিয়েছেন, যার মধ্যে ২ হাজার ৩০০ জন অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

ইভেন্টের বর্ণনায় উল্লেখ করা হয়েছে, ২৭ সেপ্টেম্বর সকালে রানিং কোচ সাজ্জাদ হোসেন প্রশিক্ষণ শেষে টি-শার্ট ও শর্টস পরে ফার্মগেট মেট্রোরেল স্টেশনে যান। সেখানে তাকে ‘অশালীন’ পোশাক পরে থাকা অভিযোগে এক পুলিশ সদস্য থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং প্রায় ৪০ মিনিট অপেক্ষায় রাখেন।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মেট্রোরেলে চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ড্রেস কোড নেই। প্রতিবাদ কর্মসূচির আয়োজকরা জানিয়েছেন, এটি কোনো বিশৃঙ্খলা তৈরির আয়োজন নয়, বরং হয়রানির প্রতিবাদ এবং যাত্রীদের প্রতি সম্মানজনক আচরণের পক্ষে একটি শান্তিপূর্ণ উদ্যোগ।

ইভেন্টের বর্ণনায় বলা হয়েছে, কোনো পোশাক নিষিদ্ধ হলে তার স্পষ্ট ও লিখিত নিয়ম থাকা উচিত। কর্মসূচির স্লোগান রাখা হয়েছে—‘সমস্যা শর্টসে নয়, সমস্যা হয়রানিতে!’

সাজ্জাদ হোসেন, যিনি প্রায় ১০ বছর ধরে ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষণ দিচ্ছেন, তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি মেট্রোরেল স্টেশনে এক পুলিশ সদস্যের সঙ্গে পোশাক নিয়ে আলোচনা করছেন।

বিজ্ঞাপন