লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের সহকারী পরিচালক-৩ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত একটি দপ্তরাদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দপ্তরাদেশে উল্লেখ করা হয়েছে, 'জনাব মো. নুরুল আমিনের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় চাকরি বিধিমালা ১৯৮২ এর ১৪১ (১) নং বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।'
ভিডিওটি রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে নুরুল আমিনকে বিভিন্ন প্রকল্পের মালামাল ও ঠিকাদারদের বিল নিয়ে আলোচনা করতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, 'আমি ২ কোটি টাকার নিচে নেব না।'
ভিডিওর ৮ মিনিট ৫০ সেকেন্ডের ফুটেজে দেখা যায়, নুরুল আমিন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা গেছে। তিনি এক পর্যায়ে বলেন, '৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন আমি সব সই করে দেবো।'
ভিডিওটি ভাইরাল হওয়ার পর, সোমবার সকালে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। জানা গেছে, তিনি অফিসে ফেরেননি এবং গণমাধ্যমের সাথে কোনো সাক্ষাৎও দেননি।
গ্রাহকদের অভিযোগ, নুরুল আমিনের বিরুদ্ধে মিটার সংযোগ ও লাইন নির্মাণ এবং সংস্কারে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে।