চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের ঘটনার পর কনটেইনার পরিবহন ৪ ঘণ্টা বন্ধ ছিল। সোমবার বিকাল ৫টার দিকে ৫নং গেইটে এই ঘটনা ঘটে।
বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি মীমাংসা হলে পুনরায় কনটেইনার পরিবহন শুরু হয়। এ ঘটনায় বন্দরের নিরাপত্তা কর্মী আশিকুর রহমানও আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রমিকদের অভিযোগ, বন্দর গেটের পাস ইস্যুর কারণে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে সিকিউরিটি কর্মীর প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর শ্রমিকরা পণ্য পরিবহন বন্ধ করে দেন।
প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান জানান, গেট পাসের ফি ৫৭ টাকার বদলে ৮০ থেকে ১০০ টাকা নেওয়া হচ্ছে। এই বিষয়ে প্রতিবাদ জানালে সিকিউরিটি কর্মীরা মোকতার হোসেনকে মারধর করেন।
বন্দর কর্তৃপক্ষের জরুরি বৈঠক শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা পুনরায় কাজ শুরু করেন। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে প্রতিদিন অন্তত ৫ হাজার একক কনটেইনারবাহী পণ্য ডেলিভারি হয়।