গত ৫ বছরে দেশের তিনটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানি অনলাইনে বিজ্ঞাপনে ৮ হাজার ৭৪৪ কোটি ১৯ লাখ ৫ হাজার ৭৩ টাকা খরচ করেছে। এই অর্থ গুগল, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয় করা হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানিয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিটিআরসির আইনজীবী এ কে এম আলমগীর পারভেজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইকোর্টে বিটিআরসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রামীণফোন অনলাইনে বিজ্ঞাপনে ৪৩ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৬২৯ ডলার, রবি ৩২ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ডলার এবং বাংলালিংক ২৮ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ৯৬৭ ডলার ব্যয় করেছে।
গত ৯ এপ্রিল বিদেশি প্রতিষ্ঠান গুগল, আমাজন, ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে রিট করেন হাইকোর্টের ছয়জন আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গুগল, আমাজন, ফেসবুক ও ইউটিউবের বিজ্ঞাপন থেকে রাজস্ব আদায়ের নির্দেশনা দেওয়ার জন্য রুল জারি করে।
হাইকোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে, যা অনলাইনে বিজ্ঞাপন খাতে উল্লিখিত প্রতিষ্ঠানগুলো কত টাকা নিয়েছে এবং নিচ্ছে, সে বিষয়ে প্রতিবেদন দেবে। বিটিআরসি কর্তৃপক্ষ এই নির্দেশনার পর তিনটি ফোন কোম্পানিকে চিঠি পাঠিয়ে খরচের হিসাব চেয়েছে।