শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত

বাংলাফ্যাক্ট ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করেছে, জানালেন তথ্য প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত

‘বাংলাফ্যাক্ট’ প্রধানমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মাধ্যমে এই ডিজিটাল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে এই তথ্য জানান। তিনি বলেন, অনলাইনে ছড়ানো ভুয়া তথ্য, অপতথ্য, বিদ্বেষমূলক বক্তব্য ও চরিত্রহননের প্রচেষ্টার বিরুদ্ধে বাংলাফ্যাক্ট সক্রিয় রয়েছে।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবেলায় প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১,১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে ৫৫২টি প্রতিবেদন বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত হয়েছে।

এছাড়া, বাংলাফ্যাক্ট ১৯টি ওয়েবসাইট চিহ্নিত করেছে, যা সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে প্রোপাগান্ডা এবং অপতথ্য প্রচার করে। বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো আট শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট এবং শতাধিক এক্স অ্যাকাউন্টও শনাক্ত করা হয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী জানান, বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে। শিগগিরই সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।

জনসচেতনতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া সংশ্লিষ্ট বিষয়ের ওপর ফিচার ও সচেতনতামূলক বার্তাও নিয়মিত প্রকাশ করা হচ্ছে। এসব ফিচার ও বার্তা তথ্য অধিদফতরের দাফতরিক ফেসবুক পেজ এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন