গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারের নতুন সদস্য যুক্ত হয়েছে। বর্তমানে পার্কে জলহস্তীর সংখ্যা ৫টি।
নতুন শাবকটি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে যমুনা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান।
তারেক রহমান জানান, শাবকটির জন্মের সঠিক তারিখ জানানো সম্ভব নয়। তবে, সপ্তাহ দেড়েক আগে মা জলহস্তীকে সঙ্গে নিয়ে পানি থেকে ডাঙায় উঠে আসতে দেখা যায়।
শাবকটির লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি এবং এটি শনাক্ত করতে আরও কিছুদিন সময় লাগবে। মা জলহস্তী কচুরিপানার ভেতরে উঁকিঝুঁকি দিচ্ছে এবং তাকে বাড়তি খাবার দেওয়া হচ্ছে।