গাজীপুরের সাফারি পার্কে নিরাপত্তাহীনতা, অব্যবস্থাপনা এবং অনিয়মের কারণে দর্শনার্থীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, অব্যবস্থাপনা দূর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি, পার্কের ট্যুরিস্ট বাসে নোংরা পরিবেশের প্রতিবাদ করায় এক নারী, তার দুই ছেলে এবং চালককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পার্কের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার পর পার্কের পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে এক আউটসোর্সিং কর্মীকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগী নারী শ্রীপুর থানায় মামলা করেছেন এবং বন বিভাগের পক্ষ থেকেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দর্শনার্থীরা জানান, অব্যবস্থাপনা রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। মারধর ও হেনস্তার ঘটনার পরও পার্ক কর্তৃপক্ষের টনক নড়েনি।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান জানান, মারধরের ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অব্যবস্থাপনা দূর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১৩ সালে ৩ হাজার ৮১৯ একর জায়গা জুড়ে গড়ে ওঠা গাজীপুর সাফারি পার্কের সামগ্রিক পরিবেশ নিয়ে দর্শনার্থীরা হতাশা প্রকাশ করেছেন এবং সরকারের কঠোর পদক্ষেপের দাবি করেছেন।