সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গত দুই দিনে সাড়ে ৩৭ হাজারের বেশি গ্রাহক টাকা তোলার আবেদন করেছেন, যার বিপরীতে উত্তোলন করতে চাওয়া অর্থের পরিমাণ ২ হাজার ৩১৬ কোটি টাকা।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার জানান, বর্তমানে ব্যাংকটি বড় ধরনের চাপের সম্মুখীন হয়নি। তিনি বলেন, 'এই আবেদন আগামী মাসেও চলবে, তার পরের মাসেও চলবে; যতদিন না পর্যন্ত আমরা পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারব।'
গত ২ দিনে ব্যাংকটিতে মোট ৩৭ হাজার ৬১৩টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৭ হাজার ৬০৯ জন গ্রাহক এককালীন পুরো অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন। তাদের অর্থের পরিমাণ ৬০৪ কোটি টাকা।
গ্রাহকদের জরুরী প্রয়োজনের পাশাপাশি পুরো টাকা তুলে নেওয়ার সুযোগ থাকছে, তবে সেক্ষেত্রে মুনাফা প্রদান করা হবে না। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক জানান, ভবিষ্যতে টাকা উত্তোলনের জন্য ৭ দিন অপেক্ষা করতে হবে না।
তিনি আরও বলেন, 'টাকা নিতে পারতেছি, টাকা দিতে পারতেছি- এটাই শেষ নয়। আমরা এখন স্বাভাবিক লেনদেন করতে পারছি।' ব্যাংকের প্রতি আস্থা রেখে গ্রাহকদের স্বাভাবিক লেনদেন করার আহ্বান জানান সিকদার।