শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

২০২৬ সালে ১৫,৭১৭ শিশু নিখোঁজ, ১৩ হাজারের বেশি উদ্ধার

২০২৬ সালে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে, এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জন উদ্ধার হয়েছে।

২০২৬ সালে ১৫,৭১৭ শিশু নিখোঁজ, ১৩ হাজারের বেশি উদ্ধার

২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য প্রকাশ করেছে পুলিশ। এ সময়ে ১৩ হাজার ৬৭৯ জন শিশু উদ্ধার হয়েছে, কিন্তু এখনও নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু, যা মোট নিখোঁজের প্রায় ১৩ শতাংশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্স এ তথ্য জানায়। বিভিন্ন গণমাধ্যমে চলতি বছরের প্রথম সাত মাসে শিশু নিখোঁজের খবর প্রকাশিত হওয়ার পর পুলিশের বক্তব্য এসেছে।

পুলিশ জানায়, প্রকাশিত প্রতিবেদনে নিখোঁজ শিশুদের পরবর্তী অবস্থা উল্লেখ না থাকায় জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সী ৪৭৪ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৬৮ জন এখনও নিখোঁজ।

১০ থেকে ১৭ বছর বয়সী ১৫ হাজার ২৪৩ শিশু নিখোঁজ হয়েছে, তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জন উদ্ধার হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনও নিখোঁজ।

পুলিশ জানায়, ছোট শিশুরা সাধারণত পরিবারের সঙ্গে অপরিচিত স্থানে গিয়ে পথ হারানো, ঠিকানা বলতে না পারা কিংবা একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়ার কারণে নিখোঁজ হয়।

অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে অভিমান, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে পালিয়ে যাওয়ার ঘটনা বেশি দেখা যায়।

পুলিশ আরও জানায়, অনলাইন জিডি চালুর ফলে নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে নিখোঁজের জিডি ছিল ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি।

বিজ্ঞাপন