কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি হাসপাতালের পরিচালককে উদ্দেশ্য করে বলেন, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করি। যদি আমি পারি, তাহলে আপনার কাছে জানতে চাইব—আপনি কেন পারলেন না?’
গত ১ সেপ্টেম্বর হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার পর মন্ত্রী হাসপাতাল পরিদর্শনের সময় বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।’
ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখব, বাথরুম আছে ছয়টা, এর মধ্যে পাঁচটি বন্ধ।’ তিনি হাসপাতালের শৌচাগারগুলোর পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাও।’ তিনি হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও লক্ষ্য করেন এবং দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, গণপূর্ত বিভাগকে শৌচাগারগুলো মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১১ জন সরকারি কর্মচারী ও ৬৩ জন আউটসোর্সিং কর্মী কাজ করছেন। তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।