তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সাংবাদিকদের কল্যাণে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।
আজ বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই নীতিমালা তৈরি করা হবে।’
তিনি আরও বলেন, ‘শুধু নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগত মানের উন্নয়ন করা সম্ভব নয়, বরং নৈতিক শিক্ষার মাধ্যমেই সাংবাদিকদের তৈরি করতে হবে।’
মন্ত্রী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান যে, তাদের লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্র, জনগণ ও মানুষের কল্যাণ সাধিত হওয়া উচিত। ‘সাংবাদিকতার কারণে কোনো মানুষ যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও দায়িত্বশীলভাবে নজর দিতে হবে,’ বলেন তিনি।
ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা ও সাংবাদিকদের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।