হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যানের মৃত্যুর খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ‘১৯৫৪-২০২৬’ শিরোনামের একটি ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ৭২ বছর বয়সী এই অভিনেতা মারা গেছেন।
তবে, এই মৃত্যুর খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। জ্যাকি চ্যান বর্তমানে জীবিত আছেন এবং নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তিনি নতুন প্রকল্পের কাজও চালিয়ে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে সাদা-কালো একটি ছবির সঙ্গে জ্যাকি চ্যানের নাম এবং '১৯৫৪-২০২৬' সাল উল্লেখ করা হয়েছে। এই পোস্টগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছে, একটি পোস্ট মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে ৩৮ লাখের বেশি ভিউ পেয়েছে।
ভুয়া খবর ছড়ানোর পেছনে মূল ভূমিকা রেখেছে একটি স্মরণবার্তা ধরনের ছবি, যেখানে চ্যানের নাম, জন্মসাল ও কথিত মৃত্যুর বছর উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক তারকাদের নিয়ে মৃত্যুর গুজব নতুন নয়, সাধারণত আবেগঘন শ্রদ্ধাঞ্জলি ধরনের ছবি ব্যবহার করে এসব ভুয়া দাবি দ্রুত ছড়িয়ে পড়ে।
সাম্প্রতিক সময়ে জ্যাকি চ্যানের প্রকাশ্য উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটে সিঙ্গাপুরে। গত ৭ জুলাই, তিনি দেশটির পেই চুন পাবলিক স্কুলে আকস্মিক সফর করেন। সেখানে ৯০০-এর বেশি শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন তিনি এবং নিজের জনপ্রিয় গান ‘হার্ড টু সে গুডবাই’ গাইতে দেখা যায়।
এবারও জ্যাকি চ্যানকে ঘিরে ছড়ানো এই দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি মিথ্যা প্রচারণা বলেই নিশ্চিত হওয়া গেছে।