নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু আজও রহস্যজনক। সম্প্রতি এই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হয়েছেন ৪ নম্বর আসামি খলনায়ক আশরাফুল হক ডন। তিনি ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর সিআইডি ডনের কারাগারে রাখার আবেদন করে। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল।
তিনি দাবি করেন, এই সম্পর্কের জেরেই সালমান শাহকে হত্যার জন্য ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করা হয়েছিল। রাজসাক্ষী রিজভী আহমেদের ১৬৪ ধারার জবানবন্দিতে এই তথ্য উঠে এসেছে।
এছাড়া, ডন ও ডেভিডের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, তারা সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনাও করেছিলেন। এই পরিকল্পনার সময় ১৯৯৭ সালের ১৯ জুলাই রিজভী আহমেদ গ্রেপ্তার হন। পরবর্তীতে ২৪ জুলাই সালমান শাহ হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
গত বছরের ২১ অক্টোবর সালমান শাহ হত্যার মামলা নতুন করে আলোচনায় আসে, যখন আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা। সেই প্রেক্ষাপটে এবার ডনের গ্রেপ্তারি ঘটল।