রাজধানীতে হানিট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ওয়াকিটকি, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের কর্মকর্তারা জানান, চক্রটি প্রথমে একজন নারী সদস্যের মাধ্যমে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে নিয়ে মারধর ও আপত্তিকর ভিডিও ধারণ করে।
এছাড়া, তারা ওই কর্মকর্তার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এটিএম কার্ড কেড়ে নিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। বিকাশ-উপায়ের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় গত ২২ জুন মামলা হলে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।