নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাগজের বোর্ড তৈরির কারখানায় কাজ করার সময় রোলার মেশিনের চাপায় জাহাঙ্গীর আলম (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার সিটি বোর্ড মিল নামের কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছ্যাপড়াঝাড় গ্রামের মো. সুনীলের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
নিহতের মামা রহিম জানান, জাহাঙ্গীর দীর্ঘ সাত বছর ধরে এই কারখানায় পুরনো কাগজ প্রক্রিয়াজাতকরণের কাজ করে আসছিলেন। গতকাল রাতেও তিনি নিয়মিত ডিউটি করছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত তার ডান হাতটি রোলার মেশিনের ভেতর ঢুকে যায়।
এতে হাতটি সম্পূর্ণ থেঁতলে যায় এবং তার মাথার ডান পাশে গুরুতর আঘাত পান। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।