কুড়িগ্রামের ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি নালা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো– ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে লুশি খাতুন (৯) এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে আরশী (৮)। তারা দুজন রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার স্কুল থেকে বাড়ি ফেরার পর বিকেলে একসঙ্গে খেলতে বের হয় লুশি ও আরশী। সন্ধ্যার পরও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
রাত ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি নালায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত নালায় পড়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।