সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নড়াইলে ট্রাক উল্টে শিক্ষার্থী নিহত, আহত ১

নড়াইলের লোহাগড়ায় ট্রাক উল্টে শিক্ষার্থী নিহত, আহত হয়েছে তার বোন।

নড়াইলে ট্রাক উল্টে শিক্ষার্থী নিহত, আহত ১

নড়াইলের লোহাগড়ায় মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক বসতঘরের ওপর উল্টে শামিমা আক্তার সেতু (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) উপজেলার নলদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেতু লোহাগড়া উপজেলার কাঁচামাল ব্যবসায়ী মো. হাফিজার মোল্যার মেয়ে এবং নলদী বি এস এস মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো। এ দুর্ঘটনায় সেতুর ছোটবোন মিতু খানম (১৩)ও আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নড়াইল শহর থেকে লোহাগড়া উপজেলার মিঠাপুর হয়ে ব্রাক্ষ্মণডাঙ্গায় নির্মাণাধীন একটি সেতুর জন্য পাথর নিয়ে যাচ্ছিল ট্রাকটি। রাত বারোটার দিকে নলদী এলাকায় গিয়ে ট্রাকটি পথ ভুল করে একটি সরু রাস্তায় ঢুকে পড়ে এবং কিছুদূর যেতেই উল্টে পড়ে।

ট্রাকটি উল্টে পড়ার সময় পাথর পড়ে একটি ঘর ঢেকে যায়। ঘুমিয়ে থাকা সেতু ও মিতু পাথরের নিচে চাপা পড়ে যান। শব্দ শুনে আশপাশের লোকজন এসে পাথর সরিয়ে সেতুকে মৃত অবস্থায় এবং মিতুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

আহত মিতুকে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি।

বিজ্ঞাপন