চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মনজুর আলমের সন্তান মিমতা ও মোর্শেদ। অপর দুইজন হলেন ফেরদৌস আলম ফিরোজ এবং গাড়িচালক মুন্না। ফিরোজ কক্সবাজারের ঈদগাঁওয়ের আরাফাত শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, তারা আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের পর মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাঁওয়ে ফিরছিলেন। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী কলেজ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে তাদের মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে।
এতে মাইক্রোবাসটি সম্পূর্ণরূপে দুমড়ে যায়। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে তিনজন এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান।